
খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির চেয়ারপার্সন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এতে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সহনশীল রাজনীতির মাধ্যমে এ দেশকে একটি আধুনিক ও উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যেসকল পরিকল্পনা হাতে নিয়েছেন তা দেশের মানুষ সন্তুষ্টচিত্তে গ্রহন করেছেন। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র গুপ্ত সংগঠন থেকে শুরু করে ৫ আগষ্টের পর জন্ম নেয়া একটি দল দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা শুরু করছে। আমরা বলতে চাই সর্বোচ্চ ধৈর্য্য ধরবো কিন্তু আপনারা আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে দিবেন না। আপনাদের আচরণ সংযত করুন আমাদের নেতাকর্মীরা আপনাদের সাথে কোন খারাপ আচরণ করবেনা। আমরা দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বাস্তবায়ন করবো। আমাদের নেতার বিরুদ্ধে কোন চক্রান্ত এ দেশে বাস্তবায়ন হতে দিবোনা।
এড. সাখাওয়াত হোসেন খান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের মনি কোঠায় স্থান করে নিয়েছেন। আপনারা ৫/৬ মাসের একটি সরকারে বিরুদ্ধে যেভাবে কথা বলছেন সেটা গণতন্ত্রকে হত্যা করার সামিল। গণতন্ত্র রক্ষা হলে সকলের জন্য মঙ্গল কিন্তু যদি ক্ষতিগ্রস্ত করতে চান তাহলে দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিবে।
সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে বলেন, বিএনপি সৃষ্টি করেছেন জিয়াউর রহমান এবং নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনপ্রকার কটুক্তি বা অশ্লীল কথা বলে তাঁকে দাবিয়ে রাখা যাবেনা। যদি তারেক রহমানকে নিয়ে অশোভনীয় কথা বলা হয় তাহলে এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, কোনপ্রকার ছাড় দেওয়া হবেনা। যদি এ ধরনের আচরণ করা হয় তাহলে আমরা ভাববো অল্প পানির মাছ বেশী পানিতে পড়ছে বলে লাফালাফি করছে। গুপ্তরা, সুপ্তরা তারেক রহমানকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। সাবধান হয়ে যান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কাউকে ছাড় দিবেনা।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল ২নং রেল গেইট থেকে বের হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, ফতেহ মোঃ রেজা রিপন, এড. সরকার হুমায়ুন কবীর, আনোয়ার হোসেন আনু, সদস্য ডাঃ মুজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সাবেক কাউন্সিলর বিভা হাসান সহ ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দলের কয়েক শতাধিক নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :