তোলারাম কলেজে ছাত্রশিবির নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও তদন্তের দাবি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর


Jahid প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন /
তোলারাম কলেজে ছাত্রশিবির নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও তদন্তের দাবি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও অর্থসম্পাদকের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের শান্ত, ধৈর্যশীল ও আইনসম্মত আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

​এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে সহিংসতা, দমন-পীড়ন বা আধিপত্য বিস্তারের চেষ্টা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের শাসন এবং পারস্পরিক সহনশীলতার মাধ্যমেই কেবল একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

​বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত বৃদ্ধি পেলে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ তৈরি হতে পারে, যা দেশের সার্বিক স্বার্থের জন্য চরম ক্ষতিকর। এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে বিতাড়িত স্বৈরাচারী শক্তি সুবিধা আদায় করতে পারে, যা কারো জন্যই কল্যাণকর হবে না। তাই পরিস্থিতি শান্ত রাখতে বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে।

​ঘটনার বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।