জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে জাতির জাগরণের প্রতীক: মাওলানা আরিফুল ইসলাম
Jahid
প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন /
০
প্রেস বিজ্ঞপ্তি :
নারায়ণগঞ্জের কাঁচপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক অধ্যায় নয়, এটি জুলুম, বৈষম্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জাতির জাগরণের প্রতীক।
বুধবার বিকেলে কাঁচপুর নতুন বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আরিফুল ইসলাম বলেন, যে জাতি আল্লাহর ন্যায়বিচার প্রতিষ্ঠা ও তাঁর আদর্শ ধারণ করে, সেই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারে না। ইসলামী মূল্যবোধ, সততা, ন্যায়বিচার ও জনকল্যাণের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। তিনি বলেন, তাঁদের আন্দোলন ক্ষমতার জন্য নয়; বরং দেশ, জাতি ও মানুষের কল্যাণে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।
তিনি আরও বলেন, যুবসমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গঠনে নেতৃত্ব দিতে হবে। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য। এ জেলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার স্থান হবে না বলেও তাঁরা মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ আব্দুল রশিদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুফতি শিব্বির আহমেদ। এতে জেলা সহসভাপতি ফারুক আহমেদ মুন্সীসহ জেলা ও বিভিন্ন থানার নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :