
খবর নারায়ণগঞ্জ.কম: ডেমরায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন সহ রনি ভূঁইয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। এ সময় তাঁর বাসা থেকে একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব-১১ জানিয়েছে,সোমবার (১৭ আগস্ট) রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রনিকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি তাঁর ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন নিজ হাতে বের করে দেন। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
র্যাব আরও জানায়, রনি আড়াইহাজার, ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে আড়াইহাজার থানায় ডাকাতির চারটি মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে র্যাব জানায়। গ্রেপ্তার রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :