শেরপুরে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে কাকলী ইয়াসমিন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত কাকলী উপজেলার কুরুয়া বাজারের সেলিম মিয়ার স্ত্রী ও চিথলিয়া কাড়ারপাড় গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।
তথ্যগুলো নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার উপ-পরিদর্শক মোঃ চাঁন মিয়া।
তিনি বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে সেলিম মিয়া তাঁর স্ত্রী কাকলী ইয়াসমিন ও শিশুকন্যা সামিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা সুলতানপুর গ্রামে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। পরে সন্ধ্যায় তাঁরা সেখান থেকে শ্রীবরদীর কুরুয়া বাজার এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় শ্রীবরদীর কুরুয়া ভাটিপাড়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত মোটরসাইকেলের চাকায় কাকলী ইয়াসমিনের ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কাকলী ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।