শ্রীবরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস শ্রীবরদীর আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন প্রমুখ।
ফাইনাল খেলায় খোশালপুর সরকারি প্রাথমিক ট্রাইব্রেকারে ৪-৩ গোলে কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে উত্তর খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এসময় সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করে।
