ন্যাশনাল ফটোগ্রাফি কার্নিভাল’ বিশেষ অবদানের জন্য খন্দকার সাইফুল পেলেন সম্মাননা ক্রেস্ট

খবর নারায়ণগঞ্জ.কম:
চট্টগ্রামে অনুষ্ঠিত ‘প্রোটেট ন্যাশনাল ফটোগ্রাফি কার্নিভাল’ অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে খন্দকার সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় উপস্থিত ছিলেন সোহেল সারোয়ার।
আয়োজকরা জানান, ফটোগ্রাফি শিল্পের প্রসার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখায় খন্দকার সাইফুল ইসলামকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় খন্দকার সাইফুল ইসলাম বলেন, এই স্বীকৃতি তার জন্য গর্ব ও অনুপ্রেরণার। তিনি নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যতেও সংগঠনটির সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকবেন।
তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি, আলোকচিত্র চর্চা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জানা যায়, খন্দকার সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিল্প ও বাণিজ্য খাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এবং বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা আয়োজকদের ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
