ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরের দিকে শিবু মার্কেট এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
গোডাউনটির পাশেই একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট একযোগে কাজ শুরু করে।
আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই আমরা পাশের দোকানগুলোর মালামাল সরিয়ে নিতে সক্ষম হই। সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

