রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ হওয়া জোবায়ের মরদেহ উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো এলাকায় অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
জোবায়ের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে এবং স্থানীয় ভোলাবো শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোবায়ের তার বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বির সঙ্গে দাউদপুর খেয়া ঘাট থেকে একটি ছোট নৌকায় করে ভোলাবোর উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি শীতলক্ষ্যা নদীর মাঝামাঝি পৌঁছালে পানি উঠে তা ডুবে যায়। এ সময় সায়েম, সিয়াম ও রাব্বি সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় জোবায়ের। পরদিন শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
