নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

খবর নারায়ণগঞ্জ.কম:
মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন প্রতিপালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে একটি “বিশেষ পরিচ্ছন্নতা অভিযান” শুরু হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করার প্রত্যয়ে এই বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বুধবার (১জুলাই) বিকেলে চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই অভিযানের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. মো. সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন এবং নগরবাসীকে একটি সুস্থ ও সুন্দর নগরী উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। পরিচ্ছন্নতা বজায় রাখতে তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়ক, ড্রেন ও অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা আধুনিক যন্ত্রপাতি নিয়ে এই অভিযানে অংশ নিচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন,সাবেক মহিলা কাউন্সিল বিভা হাসান, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান,দিলারা মাসুদ ময়না, মাসুদ রানা, মহিলা নেত্রী বন্যা আক্তার
সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
