মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ও লিফলেট বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে দলীয় হাই কমান্ডের নির্দেশ অমান্য করে কিছু নাম সর্বস্ব ব্যক্তি প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটিয়ে মানববন্ধন করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ এসও স্ট্যান্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি যাকে দলের নেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করেছেন তার বিরুদ্ধে আপনারা মানববন্ধন করেছেন। তিনি যখন গিয়াসউদ্দিন ভাইয়ের বাড়িতে যান প্রথমেই তিনি তার পা ছুয়ে সালাম করেন। তখন বলেন ভাই মনোনয়ন আমি পেয়েছি, আপনি আমার বড় ভাই। আমার পাশে থেকে আপনি নির্বাচন পরিচালনা করে দিবেন এটা আপনার কাছে আমার অনুরোধ। এখন আপনারাই বলুন শিক্ষিত কে। তারপরে ৭২ ঘন্টা পার না হতেই এ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মান্নান সাহেব যদি বাকী ৪ জনকে সাথে নিয়ে রাস্তায় দাঁড়ায় তাহলে আপনার নির্বাচন কোথায় যাবে। আমরা কি এ খেলা খেলবো নাকি নির্বাচন করবো। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনটি শেষ করতে। মানববন্ধনে ব্যানারের মধ্যে মনোনীত প্রার্থী মান্নান সাহেবের ছবিতে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়েছে। এর মানে হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি’কে ক্রস চিহ্ন দেয়া। রাজনীতিকে রাজনীতির ধারায় চলতে দিন। দলের হাই কমান্ডের নির্দেশই আমাদের জন্য সর্বশেষ নির্দেশ।
বক্তব্য শেষে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান শত শত নেতাকর্মী নিয়ে এসও ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন।
থানা কৃষকদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম বাবু, মহানগর যুবদলরের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন, থানা কৃষকদলের আহ্বায়ক জসিম উদ্দিন, ৮নং ওয়ার্ড আহসান হাবিব তন্ময়, তরুন দল নেতা আরিফ, থানা ছাত্রদল নেতা আবীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

