যুক্তি তর্কের মাধ্যমেই একটি সমাজ বিকশিত হয় – শরফ উদ্দিন

খবর নারায়ণগঞ্জ.কম :
বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার আয়োজনে ও লজিক অব বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রায়হান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়ছে সেটা শুধু বিতর্ক প্রতিযোগিতাই নয় বরং অনেকগুলো বিষয়কে সামনে রেখে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে পরিবেশের কথা, জলবায়ুর কথা বলা হয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ্যভাবে বেড়ে ওঠার কথা বলা হয়েছে। এছাড়াও যুক্তিনির্ভর একটি সমাজ যাতে গড়ে তুলতে পারি সে কথাও বলা হয়েছে। যুক্তি তর্কের মাধ্যমেই একটি সমাজ বিকশিত হয়, যেখানে দ্বন্ধের সৃষ্টি সেখানেই বিতর্ক। বিতর্কের মধ্য দিয়েই আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারি।
তিনি আরও বলেন, যে সমাজে দ্বন্ধ, তর্ক-বিতর্ক নেই আমি মনে করে সেটা একটা স্থবির সমাজ। সমাজ যদি গতিশীল হয় সেখানে যুক্তি, দ্বন্ধ, বিতর্ক থাকবে এবং সত্যটাকে মেনে নেয়ার একটা মানসিকতা থাকবে। যুক্তি ও বিতর্কের মাধ্যমে যেটা সঠিক সেটা গ্রহন করার প্রবণতা থাকবে। এসময় জলবাযু ও পরিবেশের কথা বলতে গিয়ে তিনি বলেন, মাইক্রো প্লাস্টিক আমাদের খাবারের মধ্যে প্রবেশ করছে। যার দরুন আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের পরিবেশ আমরাই নষ্ট করছি। তাই সবাইকে সচেতন হতে, আগামী প্রজন্মকে সচেতনভাবে গড়ে তুলতে হবে।
বক্তব্য শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শন করেন এবং অফিসার্স ক্লাব এর সম্প্রসারিত নতুন ভবন উদ্বোধন করেন।

