দ্বায়িত্ব পালন করতে হবে, অতীত ভুলে যান – স্বস্থ্য মন্ত্রী সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম :
১০টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
রবিবার (১৪ জুন) সকাল ১০টায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভার্চুয়ালি আরও ৯টি হাসপাতালের আইসিইউ একযোগে উদ্বোধন করেন তিনি।
এসময় স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জ আমার একটি প্রিয় জায়গায়। কারন দেশ স্বাধীন হওয়ার পর নিজের ভূমি মনে করে প্রথম যেখানে নেমেছিলাম সেটা হলো গোপালদি বাজার। ব্যবসা-বানিজ্য ছাড়াও নারায়ণগঞ্জ বিভিন্ন কারনে খুবই গুরুত্বপূর্ণ স্থান। আমরা ক্ষমতায় আসার পর হাম সংকট দেখা দেয়। বিগত স্বৈরাচার ও অদক্ষ তত্বাবধায়ক সরকার টিকা কার্যক্রম পরিচালনার জন্য কোন টিকা জমা রেখে যায় নি, টিবির ইঞ্জেকশন, ভিটামিন এ ক্যাপসুল, জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নাই। আমরা একটা বিপর্যস্ত রাজনৈতিক ও স্বাস্থ্যগত পরিস্থিতিতে ক্ষমতায় আসীন হয়েছি। কিন্তু আমাদের একটাই সাহস, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় ও নেতৃত্বে ভয়ের পরিবর্তে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছি।
তিনি আরও বলেন, হাম সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের কাজ দ্রুত চলমান রয়েছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতের কথা চিন্তা করে এবারের বাজেটে ৬৯ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। আজ ১০টি জেলায় আইসিইউ তৈরি করা হয়েছে। প্রাইভেট সেক্টর আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এমনকি ডেঙ্গু মোকাবেলায় ১ লক্ষ কিট প্রদান করেছে। এখানে উপস্থিত জেলার সরকারী কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ আপনারা আপনাদের হাত গুটিয়ে রাখবেন না। দয়া করে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিন। এসময় তিনি সিভিল সার্জন ডাঃ মশিউর রহমানকে তিরস্কার বলেন, আমি অনেক জেলার হাসপাতাল ঘুরেছি। অন্তত আমার ভয়ে হলেও পরিষ্কার রেখেছে। আপনার কিচেনের সকল আসবাবপত্র বের করে ঐ স্থানটি পরিষ্কার করবেন জেলা প্রশাসকের প্রতিনিধির সামনে। দুই দিনের সময় দিলাম যদি এর মধ্যে সবকিছু পরিষ্কার না হয় আমরা ব্যবস্থা নিবো। দ্বায়িত্ব পালন করতে হবে, অতীত ভুলে যান।
বক্তব্য শেষে মন্ত্রী, সচিব, স্থানীয় সাংসদ সহ অতিথিবৃন্দ আইসিইউ এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ মশিউর রহমান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নাসিক প্রশাসক এড সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
