প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ

খবর নারায়ণগঞ্জ.কম: রোদ্রের প্রখরতায় জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠার প্রেক্ষাপটে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেছে আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ।
শনিবার (১৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জের তল্লা নিউক্লিয়াস স্কুলের সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের আহবানে সাড়া দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও এডভোকেট এস এ বিপ্লব এবং সাধারণ সম্পাদক কবি ও শিক্ষক লুবনা আক্তার সুমির সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবী, প্রতিবন্ধী ও সাধারণ পথচারীদের হাতে সুপেয় পানি ও স্যালাইন তুলে দেন কাব্য ছন্দ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, কাব্য ছন্দ পাঠাগারের সাধারণ সম্পাদক কবি ও নাট্য অভিনেতা আবুল কালাম আজাদ, কবি তাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়ে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত তৈরি করে। আমি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, তারাও যেন গরমে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ান। পানি, খাবার ও স্যালাইন বিতরণের মতো ছোট উদ্যোগই একটি তৃষ্ণার্ত মানুষকে প্রশান্তি দিতে পারে।
আম্বিয়া বেগম সাহিত্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রচণ্ড রোদের প্রখরতা থেকে মানুষকে সামান্য স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।নারায়ণগঞ্জের সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানায়।


