কোথাও নিরাপত্তা ঝুঁকির আশংকা নেই – স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর
খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন আশ্রম পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্বরাষ্ট্র উপদেষ্টা রামকৃষ্ণ মিশন আশ্রম পূজা মন্ডপ পরিদর্শনে আসেন।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, এবারের দুর্গাপূজা খুবই উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আশি হাজার স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তা ঝুঁকির কোন আশংকা নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শারদীয় দূর্গোৎসব যেন আন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সরকার সেই ব্যবস্থা গ্রহন করেছে। সে লক্ষ্যে দেশের সবগুলো পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিমা নির্মাণের শুরু থেকেই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপ সার্বক্ষণিক সিসি টিভির ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। তাই কোথাও নিরাপত্তার কোন আশংকা বা ঝুঁকি নেই।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, পূজারি ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন তার জন্য মণ্ডপ ঘিরে কোন জনসমাগম করতে দেয়া হবে না। বিগত বছরগুলোর মতো পূজা মণ্ডপের আশপাশে কোন মেলা বসতে পারবে না। তবে কিছু দোকান বসতে পারবে। পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দোকানগুলো পরিচালিত হবে। তবে পূজা মণ্ডপে ধর্মীয় পবিত্রতা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বিজিবি ৬২ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকত কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ
