বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে চরম দুর্ভোগে এলাকাবাসী

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে বাবুরাইল খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলে প্রশংসায় ভাসেন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান। খাল পরিস্কারের দায়িত্ব দেয়া হয় সাবেক নাসিক ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর বিভা হাসানকে। খাল থেকে তোলা ময়লা-আবর্জনা যথাসময়ে অপসারণ না করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত ১০ দিনেরও বেশি সময় ধরে খালের পচা বর্জ্য স্কুলের পাশে সহ মূল সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে। এতে একদিকে যেমন ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে ব্যাহত হচ্ছে হাটাচলা।
বাবুরাইল খালের পাশ ঘেঁষে যাওয়া পিচঢালা সড়কের পাশে মানুষের হাটার একটি বড় অংশ দখল করে আছে খালের পচা কাদা ও প্লাস্টিক বর্জ্যের বিশাল স্তূপ। খাল পরিষ্কারের কাজ শেষ হলেও, এই ময়লাগুলো ট্রাকে করে নির্দিষ্ট ডাম্পিং জোনে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
বিগত ১০ দিন ধরে এই পচা বর্জ্য রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে তীব্র দুর্গন্ধের সৃষ্টি করছে। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বর্জ্যের স্তূপের কারণে ওয়াকওয়েটি সংকুচিত হয়ে পড়েছে। কর্তৃপক্ষের এমন উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে পুরো এলাকাবাসীর মধ্যে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষন যেন জনস্বাস্থ্যর কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে এই ময়লা সরিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


