বক্তাবলী ঘাটের ইজারার দরপত্র জমাকে কেন্দ্র করে বিএনপি, জামাত,এনসিপির সংঘর্ষ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সদরের একটি খেয়াঘাটের ইজারার জন্য দরপত্র জমা দিতে এসে সংঘর্ষে জড়িয়েছেন জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে বক্তাবলী রাজাপুর ঘাটের ইজারার দরপত্র জমাকে কেন্দ্র করে সদর উপজেলা পরিষদ চত্বরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও উপজেলা পরিষদে দিনভর উত্তেজনা চলতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তাবলী খেয়াঘাটের ইজারার দরপত্র জমা দেয়ার নির্ধারিত তারিখ ছিল সোমবার। এই ঘাটের ইজারা পেতে ক্ষমতাসীন দল বিএনপি নেতাদের পাশপাশি জামায়াতে ইসলামী ও এনসিপির অনুসারীরাও আগ্রহী। ফলে তারা সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন।
দুপুর ১টার দিকে জামায়াত এবং এনসিপি কর্মীরা দরপত্র জমা দিতে গেলে বাঁধা দেয় বিএনপি কর্মীরা। এসময় বক্তাবলী ইউনিয়ন এনসিপির নেতা তাওহিদ প্রতিবাদ করলে তাকে এবং বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমীর আবু বকরকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
এরপর উপজেলা পরিষদের সামনে জড়ো হতে থাকে এনসিপির কর্মীরাও। দুপুর আড়াইটায় ফের হাতাহাতিতে জড়ালে পরিস্থিতি ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, “দুপুরে দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখানে মারামারি বা সংঘর্ষের মত ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই দরপত্র গ্রহণ করা হয়েছে।

