নগরীকে যানজটমুক্ত রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত বাস্তবায়ন সময়ের দাবী

খবর নারায়ণগঞ্জ.কম :
প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ মহানগরীর সড়কগুলো এখন প্রায় সময় স্থবির হয়ে থাকে। বিভিন্ন রুটের আন্তঃজেলা পরিবহন ও অবৈধ অটোরিকশার ভিড়ে সড়কে ট্রাফিক জ্যাম লেগেই থাকে। জ্যামের এই ভোগান্তি থেকে রক্ষা পেতে নগরীর ভিতর থেকে বাস স্ট্যান্ড ও ট্রাক স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেয়া দরকার বলে মনে করে সচেতন মহল।
এদিকে গত সোমবার (১৫ জুন) রাজধানী ঢাকাকে যানজটমুক্ত রাখতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালি বাস টার্মিনাল অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগরীকে যানজটমুক্ত করতে বাস ও ট্রাক টার্মিনাল অন্যত্র সরিয়ে নেয়ার দরকার বলে মনে করেন সচেতন মহল।
নগরীতে যানজট সৃষ্টি হওয়ার আরেক কারন হচ্ছে অটোরিক্সা। সিটি কর্পোরেশনের প্রায় ১৬ হাজার লাইসেন্স এর বিপরীতে প্রায় লক্ষাধিক অটোরিক্সা চলাচল করে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এসকল অবৈধ অটোরিক্সাগুলোকে যদি এখন থেকেও শৃঙ্খলা মধ্যে আনা না যায় তাহলে সড়কে চলাচল করা খুবই কষ্টসাধ্য হবে। সেই সাথে মরার উপর খারার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে ফুটপাত অবৈধভাবে দখল করে পসরা সাজিয়ে বসা। যার দরুন ফুটপাত দিয়ে চলাচলকারী মানুষজন রাস্তায় নামতে বাধ্য হয়। এতে করে প্রায় সময় দূর্ঘটনাও ঘটে। কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করলেও বর্তমানে সেই রুপ ধারণ করছে। তাই সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ কার্যক্রম চলমান রাখা দরকার বলে মনে করেন নারায়ণগঞ্জের সচেতন মহল।
নগরী যানজটমুক্ত রাখতে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল ও ট্রাক স্ট্যান্ড অন্যত্র স্থানান্তর করা সময়ের দাবী। বিগত সরকারের আমলে এ বিষয়ে নানা পদক্ষেপ গ্রহনের কথা থাকলেও সরকার পরিবর্তনের পর এখন আর সে বিষয়ে কোন পদক্ষেপ নেয়ার মত কার্যক্রম চোঁখে পড়েনা। নারায়ণগঞ্জবাসী মনে করে, নগরীকে যানজট মুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও অবৈধ ফুটপাত দখল মুক্ত করে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে প্রশাসন সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বাস্তবে প্রতিফলিত করা।
