খেলাধুলাতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে ফিফা বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

খবর নারায়ণগঞ্জ.কম:
ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে তুমুল ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে আর্জেন্টিনা ভক্তরা শহরে আয়োজন করেছেন বর্ণাঢ্য শোভাযাত্রা।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে পুনরায় দেওভোগে এসে শেষ হয়।

এতে শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। তারা জাতীয় পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। অংশগ্রহণকারীদের অনেকেই আর্জেন্টিনার জার্সি পরে এবং প্রিয় খেলোয়াড়দের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা বলেন, বিশ্বকাপ ফুটবল তাদের কাছে শুধু একটি খেলা নয়, বরং আবেগ ও ভালোবাসার একটি বড় উপলক্ষ। বিশ্বকাপের শুরু থেকেই তারা নিজেদের দলকে সমর্থন জানাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবেন।
এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন সড়ক, মহল্লা ও বাসাবাড়িতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চলছে আনন্দ-উচ্ছ্বাস ও নিজেদের দলের প্রতি সমর্থন প্রদর্শনের নানা আয়োজন।
ফুটবলপ্রেমীরা আশা করছেন, বিশ্বকাপের পুরো সময়জুড়েই নারায়ণগঞ্জে এ উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে এবং খেলাকে ঘিরে সম্প্রীতি ও আনন্দ আরও বাড়বে।

Related Articles

Back to top button