সুশাসন ও পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত হলে কমবে সড়ক দুর্ঘটনা: তারিকুল সুজন


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন / ০
সুশাসন ও পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত হলে কমবে সড়ক দুর্ঘটনা: তারিকুল সুজন
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেছেন, পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুন্দর কর্মপরিবেশ তৈরি করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
নারায়ণগঞ্জের সড়ক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারিকুল সুজন বলেন, ছোট শহর নারায়ণগঞ্জে সড়কের তুলনায় যানবাহনের চাপ অনেক বেশি। নগরীর সীমিত সড়কের বড় একটি অংশ হকারদের দখলে থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে বিপুলসংখ্যক অটোরিকশার চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতা, জনবলের সংকট ও সড়কের অব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরে বিপুলসংখ্যক অটোরিকশা চলাচল করলেও সিটি করপোরেশনের লাইসেন্স প্রদানের উদ্যোগের মাধ্যমে এগুলোকে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে শহরের বিভিন্ন স্থানে এখনও পরিবহন স্ট্যান্ড রয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশ্ন তৈরি করছে। বিশেষ করে সমবয় মার্কেট এলাকায় মুন্সীগঞ্জের লেগুনা স্ট্যান্ড এবং সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড এখনও বহাল রয়েছে।
সুজন বলেন, শুধু চালকদের সচেতন করলেই সড়ক নিরাপদ হবে না, বরং পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রে সুশাসন, নীতি-নৈতিকতা ও সততার চর্চা প্রতিষ্ঠিত হলে তার ইতিবাচক প্রভাব পরিবহন খাতেও পড়বে।
তিনি আশা প্রকাশ করে বলেন, পরিবহন সেক্টরসহ সকল সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত উদ্যোগে নারায়ণগঞ্জের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। এর মাধ্যমে একটি নিরাপদ সড়কব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি সবার জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে।