যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন / ০
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় জেলা যুবদলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লাসহ বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন।
র‌্যালি শেষে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বলেন, ১৯৭৮ সালের আজকের এই দিনে যুবদল গঠন করেছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ নিবো, আমরা আগামীতে রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা চাই। এমন প্রখর রৌদ্রের মাঝে যারা প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে চলে এসেছেন তাদের সকলকেই তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে যাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি তাঁর সম্মান রক্ষার্থে এমন কোন কাজ করবোনা যাতে প্রধানমন্ত্রীর বদনাম হয়। তাই আমরা শপথ নিবো যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করবো, ভালো কাজের সাথে সম্পৃক্ত হবো। আমরা ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ জেলা যুবদলকে একটি শক্তিশালী যুবদল হিসেবে গড়ে তুলবো।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব মোসলেহ উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্য সচিব আশরাফ ভূঁইয়া, তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজল, কাজী আহাদ, সোনারগাঁ পৌরসভার মাসুদ, ইসমাইল, সালাউদ্দিন, ইসমাইল হোসেন খান, আমিনুল ইসলাম প্রিন্স, এড. ইমন ও ইসমাইল মামুনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।