মাদক ও পতিতাবৃত্তির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বন্যা আক্তার

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মহিলা দলের ১৮নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তারের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং পতিতাবৃত্তির অভিযোগে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বন্যা আক্তার জানান, আমি দীর্ঘদিন যাবৎ মহিলা দলের রাজনীতির সাথে জড়িত। নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের ১৮নং ওয়ার্ডের মহিলা দলের সভানেত্রী হিসেবে সুনামের সাথে রাজনীতি করে আসছি। আমি কখনোই কোন অন্যায় বা অপকর্মের সাথে জড়িত হই নি। বরং সবসময় চেষ্টা করেছি মানুষের সেবা করার। আমার দুটি সন্তান রয়েছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করছি। গণমাধ্যমে আমার বিরুদ্ধে মাদক বিক্রি ও পতিতাবৃত্তির যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কোন কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার লক্ষ্যে এমন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। যে ছবি দিয়ে সংবাদ প্রকাশিত করা হয়েছে সেটা এআই দিয়ে তৈরি। কারন আমার জীবনে কোনদিন আমি সিগারেট বা মদ স্পর্শ করিনি। যদি আমার বিরুদ্ধে এ ধরনের কোন তথ্য আপনারা প্রমান সহ পেয়ে থাকেন তাহলে আমার যে শাস্তি হবে তা আমি মাথা পেতে নেব।
তিনি আরও জানান, শহরের নন্দীপাড়া এলাকায় আমার কোন বাড়ি নেই এমন কি আমার কোন আত্মীয়-স্বজনও কেউ সেখানে থাকেনা। তাই সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে সংবাদ প্রকাশের পূর্বে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করুন।

