গাজায় ইজরায়েলী আগ্রাসনের প্রতিবাদে মিসির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন
গাজায় ইজরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় হাজ্বী মিসির আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, হাজ্বী মিসির আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার আকবর সিয়াম।
সভাপতি তার বক্তব্যে বলেন, ইজরাইলী বাহিনী ড্রোন দিয়ে টার্গেট করে সাধারণ মানুষকে বোম্বিং করে নির্মমভাবে হত্যা করছে। এসব দেখলে কোন বিবেকবান মানুষ ঠিক থাকতে পারে না, থাকাও সম্ভব নয়। বর্বর ইহুদিরা পুরো দেশটাকে একটা বিরান ভূমিতে পরিণত করে ফেলেছে। এমনকি মসজিদে আজানের সময় বর্বর ইজরাইলিরা বোমা হামলা করে মসজিদ গুড়িয়ে দিয়েছে। বোমার তীব্রতায় মানুষ পাখির মত আকাশে উড়ছে, যা সহ্য করার মত নয়।
তিনি আরও বলেন, জাতিসংঘ সহ অন্যান্য ক্ষমতাধর দেশগুলো কি করছে তা আমাদের বোধগম্য না। তারা কেন জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার নাম ধারণ করে বসে আছে ? এমন মানবতা বিধ্বংসী কার্যক্রমে যদি তারা কোন পদক্ষেপ না নেয় তাহলে তাদের জাতিসংঘে থাকার কোন অধিকার নেই।
নেতৃবৃন্দ কালো কাপড় দিয়ে মুখ বেঁধে মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং ইজরায়েলের সকল পণ্য বর্জন করার জন্য সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিয়াসের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আয়শা ইসলাম, সিনথিয়া আমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।