শামীম ওসমানের কথা শুনলেন না নারায়ণগঞ্জের ডিসি-এসপি
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জের ডিসি-এসপির বিষয়ে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন তুলবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, ভূমিদস্যু ও কিশোর গ্যাং নির্মূলে শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম সামসুজ্জোহা ক্রীড়া কমপেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ প্রধান সামাজিক সমস্যাগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সংসদ সদস্য শামীম ওসমানের আহবানে সাড়া দিয়ে এ মতবিনিময় সভায় উপস্থিত হন জেলার আলেম ওলামা, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাসহ সব পেশাজীবী মানুষ।
তবে সংসদ সদস্য শামীম ওসমানের বারবার অনুরোধ সত্ত্বেও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের কোনো কর্মকর্তা মতবিনিময় সভায় না আসায় বক্তারা হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে তাদের বিষয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে সবার ক্ষোভ প্রকাশ পায় ডিসি-এসপির বিষয়ে, যারা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন। একই প্রশ্ন ওঠে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর ব্যাপারেও। কারণ তিনিও শামীম ওসমানের আমন্ত্রণে মতবিনিময় সভায় আসেননি।
তাদের বিষয়ে বক্তারা নানা প্রশ্ন তুললে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘ডিসি এসপি দাওয়াত গ্রহণ করেও কেন, কার ইশারায় মাদক, সন্ত্রাস বিরোধী এ সভায় আসেন নি, আপনারা আমাকে প্রশ্ন করেছেন। নারায়ণগঞ্জের প্রশাসনের একজনকেও যারা আজকে এখানে আসতে দেন নাই কিংবা আসেন নাই কেন, এ প্রশ্নের জবাব আমি নারায়ণগঞ্জে দিব না।
শামীম ওসমান রাগান্বিত হয়ে বলেন, ‘আমার সম্পর্কে আপনাদের ধারণা কম। জনগণের প্রতিনিধি হিসেবে আমি শামীম ওসমান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করব, জনগণের সেবক হিসেবে যারা জনগণের চাকরি করতে এ নারায়ণগঞ্জে এসেছেন আজকে তারা অনুপস্থিত কেন আমি জিজ্ঞাসা করব। আমি মাথা নোয়াবার মানুষ না। এমন কোনো কাজ করি না আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। আমি কথা বলতে চাই নাই। অনেকেই অনেক কিছু করেন, আমরা দেখি। নারায়ণগঞ্জের টাকা ধরা পড়ে যাত্রাবাড়িতে, আর কেইস দেখান ফতুল্লাতে। আমাদের কাছে অনেক খবর আসে। এ কথাগুলি আজকে বলার কথা না। এখানে যারা এসেছেন তারা সবাই হতাশ হয়ে গেছেন। কেউ হতাশ হবেন না। আমাদের নারায়ণগঞ্জ আমরাই ঠিক করবো।