শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ
খবর নারায়ণগঞ্জ.কম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য গত ৩০ নভেম্বর ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিকে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা যায়, আচরণবিধি লঙ্ঘন করায় শামীম ওসমানকে রবিবার (৩ ডিসেম্বর) আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। শনিবার নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীব এ নোটিশ দেন।
নোটিশে বলা হয়, গত ১ ও ২ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আপনার পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিল ও পথসভা করা হয় যাতে করে বর্ণিত এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরূপ কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ৬(ঘ) এবং ১২ বিধির সুস্পষ্ট লংঘন। আগামী ৩ ডিসেম্বর বেলা সারে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২১৫নং কক্ষে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান কমিটি, নারায়ণগঞ্জ-৪ এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে কিংবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানোর জন্য আপনাকে অনুরোধ করা হয়েছে।
