বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির জাকজমকপূর্ণ বর্ণাঢ্য র‌্যালি


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন /
বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির জাকজমকপূর্ণ বর্ণাঢ্য র‌্যালি

খবর নারায়ণগঞ্জ.কম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিশনপাড়ায় র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নানা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থা রেখে দলকে নির্বাচিত করেছে। জনগণের দেওয়া সম্মান ও দায়িত্ব সুসংগঠিতভাবে ধরে রাখা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব।

তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমানের নির্দেশনায় দলীয় ও ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে। র‌্যালিতে সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর কাছে দলের ভাবমূর্তি তুলে ধরতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দল ও সরকারকে সমালোচিত করা যাবে না। বিগত ১৫-১৬ বছরের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের পথ অনুসরণ করে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। চাঁদাবাজি, মাদক ও দখলদারিত্বমুক্ত আধুনিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।