
খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হোসিয়ারী সমিতির সামনে মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগরের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
সভাপতি তার বক্তব্যে বলেন, গত ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে এদেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। দলকে সুসংগঠিত রাখা ও সম্মান বজায় রাখার দ্বায়িত্ব আমাদের। মানুষ যে আশা নিয়ে বিএনপিকে জয়যুক্ত করেছে সেই আশায় যেন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং তারেক রহমানের নির্দেশ আমরা প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করতে পারি সেই চেষ্টা করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের র্যালীতে আপনারা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন। তাহলেই নারায়ণগঞ্জবাসীর কাছে আমরা সমাদৃত হবো নইলে সমালোচনা হবে। আমরা চাই সুন্দর ও সুষ্ঠু একটি নারায়ণগঞ্জ। বিগত দিনগুলোতে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি যতদিন এ পদে আছি সবাইকে মূল্যায়ন করা হবে। কোন হঠকারিতা নয়, একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, ওলামা দলের সভাপতি সিব্বির আহমেদ, আলীরটেক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোগনগর ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন সহ বিভিন্ন থানা, ওয়ার্ডের শত শত নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :