সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ফার্মেসিকে জরিমানা


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৬:১২ অপরাহ্ন /
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ফার্মেসিকে জরিমানা

মোঃ নুর নবী জনি : নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রাখার অপরাধে ৫ টি ফার্মেসিকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মামুন সরকার।

এর আগে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ৪টি ফার্মেসিকে ২০ হাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযান পরিচালনা করেন,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার ও কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ।

এ সময় জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক কবির হোসেন, সহকারী কমিশনারের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও পেশকার মোঃ বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।