নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন


Jahid প্রকাশের সময় : Jul ২৮, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন /
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম:

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, নারায়ণগঞ্জের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা হাতে গাছের চারা ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল কালাম এমপি বলেন,
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগাই। একটি গাছ একটি প্রাণ। সরকারের পাশাপাশি জনগণকেও এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
নারায়ণগঞ্জকে সবুজ ও দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই মেলা থেকে জনগণ সহজে সকল প্রকার উন্নত জাতের চারা সংগ্রহ করতে পারবে। আমাদের লক্ষ্য আগামী তিন মাসে জেলায় ৫ লাখ চারা রোপণ করা।

আলোচনা শেষে অতিথিরা শহীদ জিয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারি-বেসরকারি নার্সারি থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সচেতন মহল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।