নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

খবর নারায়ণগঞ্জ.কম: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গোগনগরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে গোগনগর ইউনিয়ন যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) সকালে গোগনগরের শিষমহল এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি শিষমহল থেকে শুরু হয়ে গোগনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জ রোডে পদক্ষিন করে । এ সময় গোগনগর ইউনিয়নে যুবদলের নেতাকর্মী বিভিন্নস্থানে অবস্থান নেন। তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
গোগনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, জনগণ তাদের রাজপথেই জবাব দেবে।
তিনি আরও বলেন, গোগনগরের মানুষ শান্তিপ্রিয়। কোনো অপশক্তিকে এই ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোগনগর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সিকদার, ফারুক হাওলাদার,গোগনগর ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রহমান, সায়মন, ছাত্রদলের সাবেক সদস্য ফয়সাল আহমেদ সহ সহস্রাধিক নেতাকর্মীরা।
