পাঠান নগর হাটে বেপারীদের ফুল দিয়ে বরণ করলো ইজারাদার ও হাট পরিচালনা কমিটি
খবর নারায়ণগঞ্জ.কম :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানীর পশুর হাটে প্রথম দিনে গরু নিয়ে আসা বেপারীদের ফুল দিয়ে বরণ করে নিলো ইজারাদার কাজী সেজান ও হাট পরিচালনা কমিটি।
শনিবার (১৬ মে) রাতে লুহিয়ার মাঠ পাঠান নগর গরুর হাটে ইজারাদার কাজী সেজান ও হাট পরিচালনা কমিটির উদ্যোগে বেপারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
হাটের ইজারাদার কাজী সেজান জানান, বছরে একবার মাত্র কয়েকদিনের জন্য গরুর বেপারীগণ আমাদের এখানে অতিথি হয়ে আসেন। তাদের যাতে কোন ধরনের সমস্যা না হয় তাই আমরা সবকিছুর পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি।
হাটে আসা বেপারীরা জানান, লুহিয়ার মাঠ পাঠান নগর হাটে আমরা পূর্বেও এসেছি কিন্তু এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। হাট পরিচালনা কমিটি আমাদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। যাতে করে কোন বেপারীকে কোন ধরনের সমস্যার সম্মুখিন হতে না হয়। তবে আমরা আনন্দিত হয়েছি যে তাঁরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আশাকরি এবারের পবিত্র ঈদ-উল-আযহা সকলের হাসি-আনন্দে কাটবে।
দুপুরে গরু বোঝাই ট্রলার নির্ধারিত ঘাটে এসে পৌছালে ইজারাদার ও হাট পরিচালনা কমিটির সদস্যদের সহায়তায় বেপারীগণ একে একে গরুগুলো হাটে নিয়ে যান।
এসময় হাট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, আক্তার হোসেন অপু, জাবেদ হোসেন, নুরুজ্জামান, শাহাদাত হোসেন, সারোয়ার প্রমুখ।

