নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ভিক্টোরিয়া হাসপাতালের ‘সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান’

খবর নারায়ণগঞ্জ.কম:নারায়ণগঞ্জ শহরকে ডেঙ্গুমুক্ত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের উদ্যোগে বিশেষ ‘সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি পালিত হয়েছে।
”নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান চলাকালে হাসপাতালের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার পদক্ষেপ নেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, শুধু অভিযান চালিয়ে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়; এর জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে। প্রত্যেকে যদি নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আঙিনা পরিষ্কার রাখেন, তবেই নারায়ণগঞ্জকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, বর্ষা মৌসুমের আগে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে এই সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

