তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

খবর নারায়ণগঞ্জ.কম: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে অব্যাহত অভিযান চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শীঘ্রই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

বোধবার (১০ জুন ২০২৬ ইং) কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় বসতবাড়িতে হামলা, এক নারীকে শ্লীলতাহানি ও একই পরিবারের ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার ফতুল্লা মডেল থানা পুলিশকে সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

কুতুবপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুরো জেলা জুড়ে আমাদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কুতুবপুরেও অতি শীঘ্রই অভিযান পরিচালনা করব।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমি মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের জানিয়ে দিতে চাই—এখনো সময় আছে, এসব ছেড়ে ভালো পথে আসুন। না হলে আপনাদের পরিণতি অনেক খারাপ হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কুতুবপুরে অতি দ্রুতই অভিযান চালানো হবে। এখানে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম ও ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button