তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
সোনারগাঁয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা তদন্তে পুলিশ
মোঃ নুর নবী জনি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে সাবরিয়া আক্তার অনিয়া (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ সাবরিয়া আক্তার অনিয়া কাঁচপুর সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত নিজাম উদ্দিনের মেয়ে ও সায়েম সিমেল এর স্ত্রী।
সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক আটটার দিকে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় এক ঘটনা ঘটে।
ঘটনাটি ঘিরে দুই পরিবারের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র মতবিরোধ। নিহতের পরিবার ও এলাকাবাসী দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই গৃহবধূ সর্বশেষ বাপের বাড়িতে যাওয়া নিয়ে দ্বন্দ্ব হয় স্বামী স্ত্রীর মধ্যে ।
অন্যদিকে, স্বামীর পরিবারের দাবি, গৃহবধূ আত্মহত্যা করেছেন। তারা বলছেন, পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি নিজেই এ পথ বেছে নিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য আলামত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।
