নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

খবর নারায়ণগঞ্জ.কম: নারী মানেই শক্তি, সাহস আর অসীম সম্ভাবনা। সমাজ, পরিবার আর স্বপ্নের প্রতিটি পথে নারীর পদচারণাই আমাদের আলোর দিশা। সকল নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ শোভাযাত্রা বের করেছে।
মানব কল্যাণ পরিষদের আজীবন সদস্য সফল নারী উদ্যোক্তা সায়মা শাহিদা ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে। আমাদের বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি। আমি আন্তর্জাতিক নারী দিবসে সকলকে জানাই শ্রদ্ধা ও সম্মান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর রাজিয়া খাতুন, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক সোহেল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষক মিথিলা বিনতে হোসেন, সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান, প্রশিক্ষক নাজিয়া সুলতানা ইতি, নারী উদ্যোক্তা আয়েশা আক্তার, অগ্রগামী নারী উম্মে সুফিয়া হ্যাপি, নুসরাত হোসেন নিশু, দিনাত জাহান, জান্নাত আরা মুনমুন, তাফুরুন নেছা লাবনী, আবিদা সুলতানা লামিয়া ও ইভা সহ অন্যান্য।
শোভাযাত্রা শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানব কল্যাণ পরিষদের সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ীদের ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিলো জায়নামাজ, টুপি, কোরআন শরীফ, নূরানী কায়দা, রেহাল, আতর ও নামাজ শিক্ষার বই।