প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা
খবর নারায়ণগঞ্জ.কম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা। পরে তাঁদের একটি ফটোসেশন রোববার (৯ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন শামীম পুত্র অয়ন ওসমান।
ওই ছবিতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে মাঝে রেখে দুই পাশে দাঁড়িয়ে ছিলেন পরিবারের সদস্যরা। এক পাশে ছিলেন শামীম ওসমান ও অপর পাশে অয়ন ওসমান। মাঝে ছিলেন শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান, মেয়ে, পুত্রবধূ ও একমাত্র নাতি। ছবিতে সবাইকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। এছাড়া লিপি ওসমান ও অয়ন ওসমানের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলাদা ছবি ফেসবুকে ঘুরছে।
সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান লিখেছেন, জীবনে অনেক বড় একটা স্বপ্ন বাস্তবায়ন হলো, পবিত্র মাহে রমজান মাস এ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ফুফু’র সাথে সৌজন্য সাক্ষাৎ এর সৌভাগ্য হলো।

