নারায়ণগঞ্জ-৫ আসনে পূণরায় ভোট গণনার দাবীতে সিরাজুল মামুনের সংবাদ সম্মেলন
খবর নারায়ণগঞ্জ.কম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াতে ইসলামী ও এনসিপি সহ ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সিরাজুল মামুন তার বক্তব্যে বলেন, গত ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন দু’একটা ঘটনা ছাড়া নির্বাচনের দিন সকাল থেকে সারাদিন অত্যন্ত শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে ১১ দল ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিলো। যার প্রতিফলন ঘটেছিলো ব্যালট বক্সে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, ৫ আসনে দিনভর পরিবেশ ভালো দেখা গেলেও কিছু এলাকায় দেওয়াল ঘড়ির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাঁধা প্রদান, ফলাফল গণনার সময় অনেক কেন্দ্রে এজেন্টদের ভোটগণনা কক্ষের বাইরে রাখা, সিসিটিভি ফুটেজের আওতার বাইরে ভোটগণনা করা, বাতিল ভোটকে ধানের শীষের ভোট হিসেবে গণনা করা, ফলাফল না লিখেই পোলিং এজেন্টদের থেকে রেজাল্টশিটে স্বাক্ষর সংগ্রহ করা সহ প্রচুর অনিয়ম আমরা লক্ষ্য করেছি।
তিনি আরও বলেন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে ৫ আসনে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থীকে বিজয়ী হিসেবে দেখা গেলেও চূড়ান্ত ফলাফল ঘোষনার সময় রহস্যজনকভাবে তা পাল্টে দেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে যে, বিজয় নিশ্চিত জেনেও পরিকল্পিতভাবে ফলাফল টেম্পারিং করে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। জনমতের এই প্রতিফলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা নির্বাচন ব্যবস্থার জন্য শুভ নয়। এ ফলাফলের বিষয়ে জেলা নির্বাচন অফিস ও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা প্রতিটি কেন্দ্রের সঠিক হিসাব ও পূণরায় স্বচ্ছতার সাথে ভোট গণনার জনগণের প্রকৃত রায় ফিরিয়ে দেয়ার দাবী জানাচ্ছি। তারা শান্তিপূর্ণভাবে এ অন্যায়ের প্রতিবাদ জানান এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
এসময় ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।