সোনারগাঁয়ে অবৈধ মেলা উচ্ছেদ করলো প্রশাসন
মোঃ নুর নবী জনি – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বালুর মাঠে অবৈধভাবে বিজয় মেলা অবশেষে বন্ধ করলো উপজেলা প্রশাসন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ মেলা উচ্ছেদ করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের নেতৃত্বে উপজেলা প্রশাসন মেলা উচ্ছেদ করেন।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (কাঁচপুর সার্কেল) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।
এদিকে বিজয় মেলার নামে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমির ছোট ভাই সুমন হক ও ভাতিজা আকাশ হক এ মেলার আয়োজন করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ মেলার আড়ালে মাদক ব্যবসা, জুয়া ও অশ্লীল নৃত্যসহ বেআইনী কর্মকান্ড পরিচালিত হয়। এসব অবৈধ কর্মকান্ডে মেলা থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। গত শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া মেলায় জুয়ারী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এতে করে স্থানীয়দের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া মেলার আয়োজন করায় মেলাটি অবৈধ। অবৈধ ভাবে লোক সমাগম করা অধিকার কারো নেই। এছাড়াও মেলায় মাদক বেচা কেনা ও জুয়ার বোর্ড বসানোর অভিযোগ রয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, এ অবৈধ মেলা বসানোর অনুমতি দেওয়া হয়নি। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষনার পর কোন প্রকার জমায়েত করার সুযোগ নেই। তাই অবৈধ মেলা উচ্ছেদ করা হয়েছে।


