সর্বোচ্চ রাজস্ব যাওয়ার পরেও আমরা পিছিয়ে আছি – দিপু ভূইয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। সেই সাথে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সোহেল মোর্শেদ সারোয়ার ও সহ-সভাপতি হিসেবে মোঃ আবু জাফর নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা এ ঘোষনা দেন।এসময় প্রক্তন সভাপতি মাসুদুজ্জামান বলেন, নির্বাচন ও আপিল বোর্ডকে ধন্যবাদ জানাই। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন কারনে চেম্বার নির্বাচন বঞ্চিত ছিলো। যেদিন দায়িত্ব নিয়েছিলাম, সেদিন সংবাদ সম্মেলনে বলেছিলাম নির্বাচন দিবো, বলিনি নির্বাচিত হবো। বিগত ৫ মাস যাবৎ নির্বাচন নিয়েই কাজ করেছি।তিনি আরও বলেন, আমরা ব্যবসা বান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। আপনারা বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রনেও কাজ করবেন। হকার, যানজট, নিরাপদ খাদ্যদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করবেন। সবচাইতে বেশী খুশি হয়েছি বর্তমান কমিটি প্রবীণ ও নবীনদের সংমিশ্রণে তৈরি হয়েছে। পীরমুক্ত চেম্বার থাকবে এই প্রত্যাশা করবো। দাবিয়ে রাখার প্রবনতা যেনো না থাকে। যারা কাজ করবেন তাদেরকে এগিয়ে দিবেন।
সদ্য নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ বাসীর অনেক দিনের চাহিদা ছিলো নির্বাচনের মাধ্যমে চেম্বারের নেতৃত্ব আসবে। আমি বিশ্বাস করি বোর্ডের প্রতিটা মেম্বার প্রেসিডেন্ট হবার যোগ্যতা রাখে। নারায়ণগঞ্জ এমন একটি শহর যেখান থেকে সর্বোচ্চ রাজস্ব যায় কিন্তু তবুও আমরা পিছিয়ে আছি। এখানে অধিক যানজট, ভালোমানের স্কুল নেই, মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নেই ব্যবসা করার প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, গার্মেন্টস সহ অনেক কিছু আছে কিন্তু বায়ারদের থাকার জন্য ভালোমানের কোন হোটেল নেই।
তিনি আরও বলেন, আজকে আমি ১৯ জন ভাই পেয়েছি, আমার দৃঢ় বিশ্বাস আমরা চেষ্টা করলে এ সমস্যার সমাধান করতে পারবো। নারায়ণগঞ্জ চেম্বার কে সারাদেশের মধ্যে একটি মানসম্মত চেম্বারে রুপান্তরিত করতে পারবো।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের (২০২৫-২০২৭) নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মোহাম্মদ কায়সার, মোঃ সোহাগ, মোঃ গোলাম সারোয়ার সাঈদ, মোঃ মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তামিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মোহাম্মদ হানিফ মিয়া, আব্দুল্লাহ আল মামুন, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোঃ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক, বিকাশ চন্দ্র সাহা।
এছাড়াও নির্বাচন বোর্ডে প্রবীর কুমার সাহার সাথে ছিলেন মাহমুদ হোসেন ও স্বপন চৌধুরী এবং আপীল বোর্ডে ছিলেন ফজলুল হক রুমন রেজা, আব্দুল কাইয়ুম ও এড. জাকির হোসেন।
