আপনার চিন্তাগুলো পবিত্র রাখতে হবে – খোকন

খবর নারায়ণগঞ্জ.কম :
প্রতিবন্ধীকতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি তরান্বিত করি স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৭তম আন্তর্জাতিক জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
রূপগঞ্জ উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এ্যাড. জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারক খোকন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বলেন, আমরা সবাই এখন পৃথিবীতে আছি আবার সবাইকে চলে যেতে হবে। আমাদের যে আত্মা বা মন আছে তাকে কি চাকু বা তলোয়ার দিয়ে কেটে ফেলা যাবে। কোন ঝড় বা ঘুর্ণিঝড় এটাকে ভাসিয়ে নিতে পারবেনা। যদি আগুন দিয়ে চেষ্টা করেন তাহলে শরীর জ্বলবে কিন্তু আত্মার কিছু হবে না। এর মানে হলো আমাদের আত্মা অনেক শক্তিশালী। পৃথিবীতে এমন অনেক নজির আছে শারীরিক ভাবে প্রতিবন্ধী হলে মন বা আত্মার জোরে অনেকে কিছু করেছে, যার একটি উদাহরণ হলো স্টিফেন হকিং। এছাড়াও বর্তমানে অনেক প্রতিবন্ধী আছে যারা খেলাধুলায় নিজেদের নিয়োজিত করেছে এবং তারা বিভিন্ন রেকর্ডও গড়ছে।
তিনি আরও বলেন, যদি আপনি বাগান করেন তাহলে প্রথমেই সেই স্থানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে এবং পরে যখন বীজ বপন করে যত্ন নিবেন তখনই সেখান থেকে চারা বের হবে। ঠিক সেভাবে আপনার চিন্তাগুলো পবিত্র রাখতে হবে এবং মনের ভিতরে বীজ বপন করে যখন যত্ন নিবেন তখন সেখান থেকে ভালো কর্ম বের হবে। আপনারা যে জায়গাটি নিয়েছেন তার উন্নয়ন কাজের অংশ হিসেবে একটি জিম প্রতিষ্ঠার ব্যবস্থা করবো। এছাড়াও আপনাদের জন্য একটি ফিজিও থেরাপি সেন্টার বা চিকিৎসা সেবা কেন্দ্র তৈরির উদ্যোগ নিবো। আমি বলবো রুপগঞ্জবাসীর মনে দিপু ভূইয়ার স্থান অনেক ওপরে। যদি আপনারা তাকে নির্বাচিত করেন তাহলে এখানে আরও ভালো কাজ বা উন্নয়ন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা প্রগতি এসোসিয়েশনের সভাপতি জিজান মোল্লা, উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের ক্রিয়া সম্পাদক সজিব, সাহিদ আবদে নিলয়সহ আরো অনেকে।

