তাজা খবরধর্ম ও শিক্ষামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা মোকাবেলায় র‍্যাব সর্বদা প্রস্তুত – লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ

খবর নারায়ণগঞ্জ.কম :
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় তিনি বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রোপাগান্ডার মাধ্যমে নাশকতার চেষ্টা করা হয়েছে, এবার নারায়ণগঞ্জে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। দুর্গাপূজায় সবার অংশগ্রহণ ও আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। পূজামণ্ডপ এর  আশেপাশের এলাকা এবং যাতায়াত ব্যবস্থা নিরাপদ রাখতে র‍্যাবের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া পূজা উপলক্ষে যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর পূর্বে তিনি আমলাপাড়া, টানবাজার সাহা পাড়া, নিতাইগঞ্জ, রামকৃষ্ণ মিশন আশ্রম মন্ডপ সহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা র‍্যাব-১১ এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, র‍্যাবের সক্রিয় ভূমিকা পূজার আনন্দ উদযাপনকে আরও নির্ভেজাল ও শান্তিপূর্ণ করে তুলবে।
নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়া মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখতে র‍্যাব-১১ যে পদক্ষেপ গ্রহন করেছে তা প্রশংসনীয়। আমরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, র‍্যাব-১১,  সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ সুপার দীপক কুমার, আমলাপাড়া পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা, কোষাধ্যক্ষ মন্টু সাহা, বিজয় সাহা, নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়া মন্দিরের সভাপতি জয় কে রায় বাপ্পী, শংকর সাহা প্রমুখ।

Related Articles

Back to top button