নারায়ণগঞ্জে মেট্টোরেলের দাবিতে মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে মেট্টোরেলের দাবিতে মানববন্ধন করেছে ‘ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠন।
রোববার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমআরটি টু প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী-মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন করা হয়।
ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ এর সমন্বয়ক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্টোরেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। এখানে মেট্টোরেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নত হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজপথে নামা না পর্যন্ত এদেশে কোনো দাবি আদায় করা যায় না। বারবার আমরা নারায়ণগঞ্জে মেট্টোরেলের দাবি জানিয়ে আসলেও মন্ত্রণালয় থেকে বারবার বলা হয় এখানে মেট্টোরেল করা হলে লাভজনক হবে না। মেট্রোরেল শুধু লাভের জন্য নয়, মানুষকে সেবা দেওয়ার জন্য করা হয়।
নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ৩ লাখেরও বেশি মানুষ ঢাকায় যাতায়াত করে থাকেন। তাহলে তারা কোন যুক্তিতে বলছেন, এখানে মেট্টোরেল লাভ জনক হবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিপিবির সাবেক জেলা সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার , ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।


