নারায়ণগঞ্জকে মেট্টোসিটি হিসেবে গড়ে তুলতে চাই – এমপি দিপু ভূইয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি। দেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের অবদান অনেক। কিন্তু তবুও এখানে তেমন উন্নয়নের ছোয়া নেই। আমরা এ অবস্থা থেকে বের হতে চাই।
সোমবার (২০ জুলাই) বিকেলে চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য চেষ্টা করা হচ্ছে। এর ফলে এখানকার বাসিন্দাদের চিকিৎসার জন্য যানজট ঠেলে ঢাকায় যেতে হবে না। আমরা একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী প্রশিক্ষন পাবে। যদি দক্ষ লোক বিদেশ যায় তাহলে দেশে রেমিট্যান্স বেশী আসবে। আমরা চাইছি নারায়ণগঞ্জকে মেট্টোসিটি হিসেবে গড়ে তুলতে, এর ফলে প্রায় সাতশ এর মত পুলিশ সদস্য নারায়ণগঞ্জে আসবে। যার ফলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। এছাড়াও এআই ক্যামেরা স্থাপন করা হবে যাতে করে কোন আসামী বা অপরাধী এখানে আসে তাদের সম্পর্কে সকল তথ্য পুলিশের কাছে চলে যাবে।
তিনি আরও বলেন, নগরীতে পুরান কোর্ট সংলগ্ন একটি ভবন রয়েছে। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা ভবনটি পড়ে রয়েছে। অথচ অনেক সরকারী প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে ভাড়া করে চালাচ্ছে। তাদেরকে সেখানে স্থানান্তর করা হোক। বর্তমান সরকার যে বাজেট দিয়েছে সেটা ব্যবসায়ী সহ সাধারণ মানুষ সকলেই গ্রহন করেছে। চাল, ডালের উপর ট্যাক্স কমানো হয়েছে। এর ফলে সাধারণ দিনমজুর লোকজন তিন বেলা ঠিকমত খাবার খেতে পারবে।
সাংসদ দিপু ভূইয়া আরও বলেন, নারায়ণগঞ্জে মেট্রোরেল আসলে নাগরিকদের সুবিধা বহুলাংশে বেড়ে যাবে। কারন নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন বিপুল পরিমান মানুষ কর্মের জন্য ঢাকায় যাতায়াত করে। মেট্রোরেল আসলে তাদের যাতায়াত সুবিধা আরও বেড়ে যাবে। দেশে অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো পূণরায় চালু করার ব্যবস্থা করছেন। দীর্ঘমেয়াদি ঋন সু্বিধার কারনে কারখানাগুলো পূর্বের স্থানে ফিরে আসবে। কৃষি ঋনের মত যেসব ঋন ছিলো প্রধানমন্ত্রী সেগুলো মওকুফ করে দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চেম্বারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

