ট্রলারের যাত্রীরা প্রাণ বাঁচাতে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিলো

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগার আশঙ্কায় যাত্রীবাহী ট্রলার থেকে ২৫ – ৩০ জন যাত্রী পানিতে ঝাঁপ দেয়। এ সময় বিভিন্ন নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (১৯ মে) দুপুরে শহরের টানবাজার সংলগ্ন খেয়া ঘাটে যাত্রীবাহী ট্রলার নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার যাত্রী নিয়ে নদী পারাপারের সময় এম ডি আখতার হোসেন-১ নামে একটি মিনি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগার উপক্রম হয়। এ সময় ধাক্কা লাগার আশঙ্কায় ট্রলারের ২৫- ৩০ জন যাত্রী মাঝ নদীতে ঝাঁপ দেয়। তবে এ সময় জাহাজের সাথে ধাক্কা লাগেনি। পরে আশেপাশের ট্রলার সহ বিভিন্ন নৌযান এসে যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, প্রাণ বাঁচাতে অনেক যাত্রী নদীতে ঝাঁপ দিয়েছে। তবে জাহাজের ধাক্কা লাগেনি ট্রলারে। তবুও আতঙ্কে ঝাপ দিয়েছে তারা। এখন পর্যন্ত কেউ নিখোঁজ নেই।
