পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে দেশের শিল্পখাতকে আরও শক্তিশালী ও টেকসই করার আহ্বান জানিয়েছেন নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৩ দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
মোহাম্মদ হাতেম বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে স্পিনিং মিল ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বৃদ্ধি জরুরি। তিনি প্রতিযোগিতা ও সক্ষমতা বজায় রেখে শিল্পের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানান।
প্রদর্শনীতে ১২টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০-এর অধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখানে টেক্সটাইল, ট্রেসেবিলিটি, সাসটেইনেবিলিটি, কমপ্লায়েন্স ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। বিকেএমইএ মনে করে, বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, টেকসই উৎপাদন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রপ্তানি অনুবিভাগের প্রধান আব্দুর রহিম খান, ওয়াল্ডএক্স ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভগত, টেক্সপ্রসিল-জিআই-এর জয়েন্ট ডিরেক্টর মুরালি বালকৃষ্ণ, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন-এর (বিজিবিএ) সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টুসহ দেশ-বিদেশের কূটনীতিক, শিল্প উদ্যোক্তা, বায়ার, সোর্সিং পেশাজীবী এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।
