নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে ঈদ সামগ্রী উপহার বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে বরফকল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর এই ফ্যাসিষ্ট শেখ হাসিনার কাছে আমরা নিপিড়ীত, নিগৃহীত ছিলাম। আপনারাও নিপিড়ীত, নিগৃহীত ছিলেন। আমাদেরকে বিভিন্ন মামলা-হামলায় জর্জরিত করে, গুম, খুনের মাধ্যমে পরিবার থেকে দূরে রেখেছে। প্রায় ১৭টি বছর আমরা পরিবারকে সাথে নিয়ে ঈদ পালন করতে পারিনি। যেহেতু দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে আমরা ঈদ পালন করবো, সেই সাথে সাধারণ মানুষ যারা বঞ্চিত ছিলো তাদেরকেও সহযোগিতা করা। যাতে করে তারাও ভালোভাবে ঈদ করতে। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন।
প্রধান বক্তা এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা ১৬টি বছর, এর মধ্যে অনেকে ১৬ ঘন্টাও বাসায় ঘুমাতে পারিনি। গত বছর ছাত্র-জনতার অভূত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। আজকে আমাদের নেতা দীর্ঘদিন মামলা হামলায় জর্জরিত হয়ে দেশের বাইরে ছিলেন কিন্তু দেশবাসীর কথা তিনি ভুলে যান নি। তাই এ বছর পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিতে তিনি আপনাদের জন্য ঈদ সামগ্রী উপহার পাঠিয়েছেন। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করবেন এবং তারেক রহমানের জন্যেও দোয়া করবেন যাতে আগামী ঈদ-উল-ফিতর তিনি আপনাদেরকে সাথে নিয়ে দেশের মাটিতে করতে পারেন।
বক্তব্য শেষে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহানগর বিএনপি নেতা মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের ম্যানেজার মনির আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।