রূপগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
খবর নারায়ণগঞ্জ.কম :
রূপগঞ্জের পশি মৌজায় স্বপ্ন ভিলেজের চেয়ারম্যান ভুমিদস্যু আরমান মোল্লার বিরুদ্ধে আবারো জমি দখলের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত শনিবার একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক জমি দখলের জন্য বাউন্ডারী ওয়ালের গেইট ভেঙে নিয়ে গেছে। আরমান মোল্লা বিগত আওয়ামী সরকারের আমলে বাগবের, কেয়ারিয়া, ইছাপুরা এলাকার নিরীহ শত শত লোকের জমি জোরপূর্বক দখল করে। কেউ প্রতিবাদ করলেই চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করতো। এখনো একটি সন্ত্রাসীমহল ওই ভুমিদস্যুর পক্ষ নিয়ে সাধারণ জণগণের জমি দখলে নিতে বাউন্ডারী দেওয়াল ও গেইট দেন। এ ঘটনার পর থেকে এলাকার হাজারো মানুষ ফুঁসে উঠেছে। আওয়ামী লীগ সমর্থিত ওই নেতাকে সহযোগিতা করছেন কয়েকজন সন্ত্রাসী। ভুমিদস্যু আরমানসহ তার সহযোগিদের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি নিচ্ছেন এলাকাবাসী।
জানা গেছে, গত শনিবার ভুমিদস্যু আরমান মোল্লা মোটা অংকের টাকা দিয়ে বাগবের এলাকার রহিজউদ্দির ছেলে জজ মিয়া, সানাউল্লাহর ছেলে অনিক, হাসেনের ছেলে রিটন, নাজিরের ছেলে ইমনসহ ৩০-৪০জন পশি মৌজার ৮৪৬ ও ৮৪৭ নং দাগের ৮৯ শতাংশ জমি দখলে নেয়ার চেষ্টা করে। কৃষকদের জমির বাউন্ডারী ও গেইট ভেঙে তারা নিয়ে গেছে বলেও অভিযোগ সূত্রে জানা গেছে। এদিকে ভুমিদস্যু আরমান মোল্লা বাদী হয়ে সাংবাদিক ইসরাফিল মিয়াসহ জমির মালিক গোয়ালপাড়া এলাকার আফাজউদ্দিন, মেহেদী হাসান রকি, কেয়ারিয়ার মাহমুদ হোসেন টিটু, ঢাকা বনানীর বাসিন্দা ওয়াজিউল্লাহসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী জানান, ভুমিদস্যু আওয়ামী লীগ নেতা আরমান মোল্লা কয়েকদিন আগেও জোরপূর্বক জমি দখল চেষ্টা মামলায় ১ মাস হাজতবাস করেছেন। রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ আদালতে আরমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, জমি দখল ও হুমকি-ধামকির বিষয়ে পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
