জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরের নালিতাবাড়ীতে মাছ ধরা বাউত উৎসব অনুষ্ঠিত
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য মাছ ধরা বাউত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার ভোগাই নদীতে দলবেঁধে বাউত উৎসবে নামেন মৎস্য শিকারীরা।
জানা গেছে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর নভেম্বর মাস এলে খাল বিল নদ নদীর পানি কমে যায়। এসময় গ্রামবাসীরা মিলে পলো, ঝাঁকিজাল, ছিপজাল, ঠেলাজাল, লাঠি ও বিভিন্ন ফাঁদ নিয়ে দলবেঁধে জলাশয়ে মাছ ধরতে বাউত উৎসবে মেতে উঠেন।
রবিবার উপজেলার পাঁচগাও, রাজনগর, দোহালিয়া, সন্নাসীভিটা ও কোন্নগর গ্রামের প্রায় দুই শতাধিক মৎস্য শিকারী নাকুগাঁও স্থলবন্দর এলাকার চারআলী ব্রীজপাড় থেকে বয়াত উৎসবে নামেন। পরে প্রায় ৬ কিলোমিটার নদীর ভাটীতে দিনব্যাপী মাছ শিকার করেন। মাছ শিকারীরা জানায়, আগে থেকেই নির্ধারন করেন কবে তারা বাউত উৎসব করবেন।
উৎসবে অংশগ্রহণকারী উপজেলার পাঁচগাও গ্রামের আহাম্মদ আলী তিনি ৮ কেজি ওজনের একটি আইড় মাছ শিকার করেছেন। তিনি বলেন, প্রতিবছর আমরা ৪/৫ গ্রামের শিকারী মিলে নিজেদের তৈরি পলো ও জাল নিয়ে উপজেলার ভোগাই নদী, চেল্লাখালী নদী, মহারশি নদী, মালিঝিকান্দা নদী ও ধলী বিলে আশ্বিন কার্তিক মাসে দলবেঁধে বাউত উৎসবে অংশগ্রহণ করি। এতে কেউ মাছ শিকার না করতে পারলেও বেশ আনন্দ উপভোগ করেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক এ প্রতিনিধিকে বলেন, গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য বাউত উৎসবে দলবেঁধে মাছ শিকার করার কোন আইন নেই। এ জাতীয় কোন উৎসব করতে হলে প্রশাসনের পুর্ব অনুমতি নিতে হবে। তাছাড়া এভাবে মাছ শিকার করলে দেশীয় জাতের মাছের বংশ বিস্তার ও প্রজনন সমস্যার সম্ভাবনা রয়েছে।



