আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল


Jahid প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন / ০
আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

খবর নারায়ণগঞ্জ.কম :
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস, নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বৈরি আবহাওয়া উপেক্ষা করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। দেশের প্রতিটি দূর্যোগপূর্ণ সময়ে তারা মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্বাধীনতা যুদ্ধ সহ সকল সময়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে।

৫ আগষ্টের পর সকল এমপি মন্ত্রীরা পালিয়ে গিয়েছে আর যেসকল আওয়ামী লীগাররা দেশে আছে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম। আজকের পর থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কারো প্রতি কোন সহানুভূতি দেখানো হবে না।

আজকে যেসকল জায়গায় নাশকতার প্রস্তুতি নেয়া হয়েছিলো সেটা জনগণ প্রত্যাখান ও প্রতিহত করেছে। তাদেরকে প্রতিহত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

সদস্য সচিব এড. টিপু বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারাদেশে যে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেউ যদি বলেন নারায়ণগঞ্জকে গোপালগঞ্জ বানাবেন তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। বিগত তিনদিন যাবৎ আমরা পাড়া মহল্লায় পাহারা দিচ্ছি।

আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন জনগণের জানমাল রক্ষা করার। নভেম্বর ও ডিসেম্বর; এই দুই মাস আমরা রাজপথে থাকবো। সবাই নিজ নিজ এলাকা পাহারা দিবেন আর যদি লীগার থাকে তাহলে তাদেরকে প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন।

এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল হোসিয়ারী সমিতির সামনে থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা মনোয়ার হোসেন শোখন সহ কয়েক শতাধিক নেতাকর্মী।