

খবর নারায়ণগঞ্জ.কম: গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯নভেম্বর) সকাল ১১ টা মন্ডলপাড়া ব্রিজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের কর্মসূচির অংশ হিসেবে জাকির খানের নির্দেশনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এস এম জিলানির বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চেয়েছিল একটি রাষ্ট্র শান্তিপূর্ণভাবে চালাতে। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করতে চায় না,যদি ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় আমরা ঘরে বসে থাকবো না।
তিনি আরো বলেন “স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বাড়িতে বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত লকডাউনের নামে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না।”
এ সময় তিনি যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পারভেজ মল্লিক, শাহিন আহমেদ,আনোয়ার গাজী, মোজাম্মেল, সাজু দেওয়ান, জাহিদ প্রধান, বিল্লাল হোসেন, মোহাম্মদ ফয়সাল,তৈহিদ,রিপন, রহমত উল্লাহ জেমস,ডিআর, মোঃ সুমন, কামাল সহ মহানগর স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :